এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দোয়ারীতে আটকা পড়েছে একটি বিরল প্রজাতির মেছো বাঘের (Fishing Cat) শাবক। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রাণীটিকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দোয়ারী তুলতে গেলে ভেতর থেকে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি শিকার করতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে আতঙ্কিত হলেও পরে তিনি স্থানীয় বাসিন্দা লুৎফরকে খবর দেন। দুজনে মিলে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
উদ্ধারের সময় প্রাণীটির থাবার আঁচড়ে একলাস বেপারী ও লুৎফর আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন।
প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের শাবক হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রাণীটিকে দেখতে ভিড় করেন। এ সময় স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নেন। তিনি জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত শাবকটি জেলের চায়না দোয়ারীতে আটকা পড়ে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করা উচিত।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মানুষের সহযোগিতা ও সচেতনতা বাড়লে এ ধরনের বিরল প্রাণী নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।