লাইনচ্যুত বগি উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

অনলাইন ডেস্কঃ
১০ জুন, ২০২৬ ১১:১০ এএম
শেয়ার করুন:
লাইনচ্যুত বগি উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়ার পথে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়ে পড়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছানোমাত্রই রিলিফ ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে উদ্ধার কাজ আরও কিছুটা জটিল হয়ে উঠেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর পর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজে নতুন কৌশল নিতে হয়েছে। বর্তমানে যাত্রীবাহী ট্রেনটির উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগে রিলিফ ট্রেনের ইঞ্জিন কেটে সেটিকে লাইনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগিটি উদ্ধারের কাজ শুরু করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।