বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে বিজয়ী দুই এমপির শপথ গ্রহণ

অনলাইন ডেস্কঃ
Apr 12, 2026 - 15:53
বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে বিজয়ী দুই এমপির শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য। আজ রবিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন—শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশা। শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী তাঁরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে প্রার্থী মৃত্যুবরণ করায় শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে, নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ৯ এপ্রিল এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন গতকাল বিজয়ী দুই প্রার্থীর নাম সম্বলিত গেজেট প্রকাশ করে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ২৯৭ আসনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন। ওই সময় নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্ব না নেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সব মিলিয়ে এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৮ জন সদস্য শপথ নিলেন।

এদিকে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশনায় ওই দুই আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। মামলা নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তীতে ওই দুই আসনের ফলাফল জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow