ট্রান্সফরমারের ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
১১ এপ্রিল, ২০২৬ ৯:২৩ পিএম
শেয়ার করুন:
ট্রান্সফরমারের ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল উদ্দিন (৩৫) নামে এক টেকনিশিয়ানের (হেলপার) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার গ্রামের আ. কদ্দুসের ছেলে। তিনি ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন মূলত দেওখোলা ইউনিয়নের বিদ্যুৎ লাইন দেখভালের দায়িত্বে ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি ফুলবাড়ীয়া সদর এলাকা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষ্মীপুর বাজারের একটি ট্রান্সফরমারের ফিউজ কেটে যাওয়ার খবর পেয়ে স্থানীয়দের অনুরোধে তিনি সেটি মেরামত করতে যান। যথাযথ নিয়ম মেনে লাইন বন্ধ করিয়ে তিনি ট্রান্সফরমারে উঠে কাজ শুরু করেন।

কাজ চলাকালীন হঠাৎ স্থানীয় কয়েকজন ওয়ারিং মিস্ত্রি দেখতে পান, হেলাল উদ্দিন ট্রান্সফরমারের সাথে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, লাইন বন্ধ থাকা অবস্থায় কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো—তা নিয়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এই মৃত্যু রহস্যজনক। এটি কর্তৃপক্ষের অবহেলা নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। একইসাথে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর জানান, হেলাল উদ্দিন তাদের একজন বেসরকারি লাইনম্যান (হেলপার) ছিলেন। তিনি বলেন, "ফিউজ লাগানোর বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। সম্ভবত অন্য কারো সাথে যোগাযোগ করে তিনি কাজটি করছিলেন। ওই সময় লাইন বন্ধ ছিল, তবে পল্লী বিদ্যুতের একটি ক্রস লাইন থেকে শর্টসার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হবে।"

হেলাল উদ্দিনের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।