বোয়ালমারীতে কৃষকদের ডিজেল নিয়ে জামায়াতের বিরুদ্ধে ছিনতাই-আত্মসাতের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের সেচ কাজের জন্য বরাদ্দকৃত ডিজেল তেল ছিনতাই ও আত্মসাতের চেষ্টার অভিযোগে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
বুধবার (৮ এপ্রিল) রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বক্তব্যে সিরাজুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শ্যালো মেশিনধারী কৃষকদের মাঝে ডিজেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা সাতৈর ইউনিয়ন পরিষদে পৌঁছানোর আগেই জোরপূর্বক তেলের গাড়ি থেকে ডিজেল নামিয়ে ফেলে এবং সেটিকে নিজেদের দলীয় সহায়তা হিসেবে প্রচার করার চেষ্টা করে। এতে সাধারণ কৃষকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সময়োপযোগী হস্তক্ষেপ এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে অভিযুক্তরা তাদের অসৎ উদ্দেশ্যে ব্যর্থ হয়।
এ বিষয়ে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, "উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সকল ইউনিয়নে সমানভাবে তেল বিতরণের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত স্থানের পরিবর্তে একটি ব্যক্তিগত দোকান ও বাড়ির সামনে তেলের গাড়ি থামানো হয়। পরে প্রশাসনের সহায়তায় আমরা সেই তেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিরাপদ হেফাজতে নিয়ে আসি। মূলত একটি মহল জনস্বার্থের এই তেল আত্মসাতের চেষ্টা করেছিল।"
উল্লেখ্য, গত ৭ এপ্রিল কৃষকদের জন্য আনা এই ডিজেল বিতরণকে কেন্দ্র করে বোয়ালমারীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের বিশেষ সহযোগিতায় মেঘনা ডিপো থেকে এই সেচ ডিজেল সংগ্রহ করা হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরকারি ব্যবস্থাপনায় বিতরণের জন্য মোট ১১টি ইউনিটে প্রায় ২ হাজার লিটার করে ডিজেল বরাদ্দ দেওয়া হয়। কার্ডধারী প্রান্তিক কৃষকদের মাঝে এই তেল বিতরণের কথা থাকলেও কার্যক্রম শুরুর আগেই সাতৈর ইউনিয়নে তেল নামানোকে কেন্দ্র করে এই জটিলতা ও উত্তেজনার সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ