ইরানি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিল কাতার
দোহায় নিযুক্ত ইরানের দূতাবাসের কর্মীদের দেশ ছাড়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে কাতার সরকার। শনিবার (০৭ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, কাতার সরকারের পক্ষ থেকে ইরান দূতাবাসের কর্মীদের দ্রুততম সময়ে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও কর্মী সাময়িকভাবে কাতারে অবস্থান করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সরকারের এই কঠোর অবস্থানের পর, দোহার বিভিন্ন হোটেল তাদের থাকার জন্য রুম দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে ‘আত্মসমর্পণ’ করেছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত চাপের মুখে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো হামলা চালাবে না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ এক বার্তায় ট্রাম্প বলেন, “ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না চালানোর অঙ্গীকার করেছে।”
তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, তেহরান মাথা নত করার পাত্র নয়।
অন্যদিকে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলে আজই ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।
কাতার সরকারের এমন সিদ্ধান্তের পেছনে ঠিক কী কারণ রয়েছে তা আনুষ্ঠানিকভাবে পরিষ্কার না হলেও, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক টানাপোড়েন যে চরমে পৌঁছেছে, তা এই ঘটনা থেকে স্পষ্ট।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ