পাকিস্তান সিরিজের অপেক্ষায় বাংলাদেশ

খেলা ডেস্কঃ
Mar 5, 2026 - 19:02
পাকিস্তান সিরিজের অপেক্ষায় বাংলাদেশ

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তবে দলে বাবর আজমসহ অভিজ্ঞদের বাদ দিয়ে ছয়জন নতুন মুখকে সুযোগ দেওয়ায় শুরু হয়েছে নানা বিতর্ক। মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইউসুফের মতো সাবেক তারকারা পিসিবির এই দল নির্বাচন নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রস্তুতি ও পাকিস্তান সিরিজের কৌশল নিয়ে কথা বলেছেন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ সোহেল ইসলাম। পাকিস্তান কি বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘আসলে বিষয়টি তা নয়। প্রতিটি দলের নিজস্ব কিছু কৌশল ও পরিকল্পনা থাকে। সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই তারা নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চাইছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো তারা এই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।’

গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টির দাপট থাকলেও সোহেল মনে করেন, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখনো বেশ শক্তিশালী। তিনি বলেন, ‘তিন সংস্করণের মধ্যে আমরা ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলি। ঢাকা প্রিমিয়ার লিগসহ আমাদের ঘরোয়া ওয়ানডে কাঠামোর কারণে ক্রিকেটাররা এই ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে পারে। তাছাড়া পাকিস্তানও যে খুব বেশি ওয়ানডে খেলার মধ্যে ছিল, তা নয়। তারাও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরাসরি ওয়ানডে খেলতে আসছে। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা দুই দলের জন্যই সমান।’

এদিকে দীর্ঘ সময় ফর্মহীনতায় ভোগার পর নাজমুল হোসেন শান্ত এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন। সর্বশেষ বিপিএলে নিজের নেতৃত্বেই রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি, সেই সঙ্গে ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। সোহেল ইসলামের মতে, শান্তর ফর্মে ফেরার পেছনে তাঁর কঠোর পরিশ্রমই মূল ভূমিকা রেখেছে। কোচ বলেন, ‘একজন খেলোয়াড় খারাপ সময়ে পড়লে যে ফর্মে ফিরতে পারে না, তা কিন্তু নয়। শান্ত প্রমাণ করেছে সে মানসম্মত ক্রিকেটার। তার সাম্প্রতিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস পাকিস্তান সিরিজের জন্য ইতিবাচক।’

সিরিজের অন্যতম বড় আলোচনা সাকিবের ফেরা নিয়ে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে নিয়ে সোহেল বলেন, ‘সাকিব আমাদের সেরা পছন্দ। যদি তার আইনি জটিলতাগুলো কেটে যায় এবং খেলার মতো পরিবেশ থাকে, তবে তার জাতীয় দলে ফিরে আসা বা ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। মাঠের পারফরম্যান্স নিয়ে তার সক্ষমতা নিয়ে তো কারো কোনো সংশয় নেই।’

উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। পাকিস্তান দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের স্কোয়াড ঘোষণা করেনি। এখন দেখার বিষয়, নতুন ও পুরোনোদের মিশেলে গড়া পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে কেমন জবাব দেয় শান্তর বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow