আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, মাসে মিলবে ২৫০০ টাকা

অনলাইন ডেস্কঃ
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৪ পিএম
শেয়ার করুন:
আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, মাসে মিলবে ২৫০০ টাকা

আগামী ১০ মার্চ থেকে দেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে পরিবারের গৃহকর্ত্রীদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিষয়ক এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 

বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত একটি কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নেয়।

সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের এই কার্যক্রমটি প্রথমে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলায় শুরু হবে এবং তা চলবে চার মাস। পাইলট প্রকল্পের মেয়াদ শেষে দেশব্যাপী এই কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। 

সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে মন্ত্রী জোর দিয়ে বলেন, "কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা বিষয় বিবেচনায় নেওয়া হবে না। একটি ওয়ার্ডের উপযুক্ত সকলকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি এই সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করবে।"

তহবিল প্রসঙ্গে তিনি আরও জানান, কার্যক্রমটি পরিচালনার জন্য প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দেওয়া হবে। তবে আগামী বছর থেকে জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা হবে।

এর আগে, একই দিন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া, এদিন নবনিযুক্ত ৬ জন সিটি প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে নাগরিকদের বাসযোগ্য ‘ক্লিন ও গ্রিন সিটি’ (পরিচ্ছন্ন ও সবুজ নগরী) গড়ে তোলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।