টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৫:৫৭ পিএম
শেয়ার করুন:
টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ চূড়ান্ত করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিকের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ক্যারিয়ারের ইতি টানার উপযুক্ত মঞ্চ হিসেবে ঘরের মাঠের এই সিরিজটিকেই বেছে নিয়েছেন মুশফিক। 

মুশফিকের বিদায়ের মধ্য দিয়ে একটি পূর্ণ বৃত্ত পূরণ হতে চলেছে। ২০০৫ সালের মে মাসে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তরুণ মুশফিকের। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই ইতি টানতে যাচ্ছেন তাঁর লাল বলের ক্রিকেট ক্যারিয়ার। 

দুই দশকের দীর্ঘ পথচলায় দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। এখন পর্যন্ত ১০৮টি টেস্টের ১৯৯ ইনিংসে ব্যাট করে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসেই সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।