এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার পর পাওয়া দানকৃত টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনব্যাপী অর্থ গণনার কার্যক্রম চলছে।
টাকা গণনার বিশাল এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ পাঁচ শতাধিক মানুষ। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এতে সার্বিক সহযোগিতা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়ে থাকে। তবে নানা কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে বাক্সগুলো খোলা হলো। অনুদানের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবার অতিরিক্ত আরও দুটি নতুন লোহার দানবাক্স যুক্ত করা হয়েছিল, যার ফলে মোট দানবাক্সের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।
এর আগে চলতি বছরের ২৭ জুন দীর্ঘ ১৮২ দিন পর মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল। সে সময় গণনা শেষে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি সেবারও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশাসন জানিয়েছে, গণনা শেষ হতে সন্ধ্যা বা রাত হতে পারে। গণনা শেষে আজ মোট কত টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেল তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।