ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত: পণ্যের সঠিক মান ও ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত: পণ্যের সঠিক মান ও ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্যের সুরক্ষায় উৎপাদিত প্রতিটি পণ্যের সঠিক মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কেবল পণ্যের গুণগত মান বজায় রাখলেই চলবে না, ব্যবসায়ীদের নিজ নিজ নৈতিকতার মানদণ্ডও বজায় রাখতে হবে। সাধারণ ভোক্তারা শতভাগ মানসম্মত ও নিরাপদ খাদ্যদ্রব্য পাচ্ছেন কি না—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সর্বোচ্চ নজরদারি রাখতে হবে। 

বক্তারা আরও উল্লেখ করেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মানের কোনো বিকল্প নেই। তাই ভেজালমুক্ত ও মানসম্মত পণ্য উৎপাদন, বিপণন এবং বাজারজাতকরণে উৎপাদক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।