ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

অনলাইন ডেস্কঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৪:৫৫ পিএম
শেয়ার করুন:
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

অননুমোদিত কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ কিংবা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হলে তার কোনো দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না। এমন পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করে কেবল নির্ধারিত ও অনুমোদিত মাধ্যম থেকেই টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বাংলাদেশ রেলওয়ের স্বীকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। অনুমোদিত মাধ্যমের বাইরে অবৈধ বা অননুমোদিত কোনো মাধ্যম থেকে টিকিট কেনার চেষ্টা করতে গিয়ে কেউ যদি আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যার সম্মুখীন হন, তবে এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

রেলওয়ের অনুমোদিত মাধ্যমগুলো হলো:
অফিসিয়াল ই-টিকিটিং ওয়েবসাইট: [eticket.railway.gov.bd](https://eticket.railway.gov.bd)
অফিসিয়াল মোবাইল অ্যাপ: ‘রেল সেবা’ (Rail Sheba)
স্টেশন কাউন্টার: রেলওয়ের অনুমোদিত নির্দিষ্ট টিকিট কাউন্টার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টিকিট কাটার সময় সাইবার নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই যাত্রীদের ব্যক্তিগত পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরসহ যেকোনো গোপনীয় তথ্য অন্যের সঙ্গে শেয়ার না করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপদে টিকিট কাটতে এবং টিকিট কালোবাজারি বা যেকোনো ধরনের প্রতারণা এড়াতে সবসময় সচেতন থাকার জন্য সাধারণ যাত্রীদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।