আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও সঞ্চয় বিষয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও সঞ্চয় বিষয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় “বাল্যবিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এবং “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা”— এই স্লোগানকে সামনে রেখে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আগৈলঝাড়ার উদ্যোগে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। এতে কোর্স পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে একটি অন্যতম বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে একটি অপরাধমুক্ত, সমৃদ্ধ ও উন্নত সমাজ বিনির্মাণ সম্ভব।”

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত প্রকল্পের লক্ষ্য তুলে ধরে জানান, “দরিদ্র নারীদের স্বাবলম্বী করা এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ইরেসপো প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস ও জীবনদক্ষতা অর্জনের মাধ্যমে এই কিশোরীরা ভবিষ্যতে পরিবার ও দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারবে।”

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের হাতে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।