কাপ্তাইয়ে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুকে সংবর্ধনা

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুকে সংবর্ধনা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুকে কাপ্তাইয়ে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, জেলা পরিষদ সদস্য মো. ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা এবং শ্রীমতি নন্দিতা দাস।

সভায় বক্তারা কাপ্তাইয়ের দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা সমস্যা ও উন্নয়নমূলক দাবিসমূহ তুলে ধরেন। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার মানুষের যাতায়াত, উন্নত চিকিৎসা, শিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের সুবিধার্থে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার এবং নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বক্তারা বলেন, কাপ্তাইয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার দীপু কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "কাপ্তাইবাসীর অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতায় আমি গভীরভাবে অভিভূত। এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের জীবনমান বৃদ্ধিতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"

তিনি দল-মত ও জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে কাপ্তাইয়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনগণের যৌক্তিক দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।