দৌলতপুরে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা আয়ব আলীর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস মেহেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবোঝাই নছিমনের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, দুটি যানেরই সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের যাত্রী ও নছিমনের আরোহীদের বেশ কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়েন। এতে জাহান আলী গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা আহতদের উদ্ধার করে মেহেরপুরের গাংনীসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তির মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের ধারণা, যানবাহনের বেপরোয়া গতি কিংবা চালকদের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ব্যস্ততম কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।