ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬ পিএম
শেয়ার করুন:
ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা

ফাইনালের মঞ্চ থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই স্বপ্নের ফাইনালে ওঠার পথে নিগার সুলতানাদের সামনে দাঁড়িয়ে বড় বাধা শক্তিশালী ভারত। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল লড়াইয়ের আগে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে এবং দলের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন জাতীয় দলের তরুণ পেসার মারুফা আক্তার।

আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ফাইনালে চোখ, চাইলেন দোয়া
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতের বিপক্ষে লড়াই নিয়ে মারুফা বলেন, “ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে ইনশাআল্লাহ আমরা ফাইনালে খেলব।”

বড় ম্যাচের আগে নিজের পারফরম্যান্স ধরে রাখার প্রত্যয় জানিয়ে দেশবাসীর উদ্দেশে এই গতি তারকা বলেন, “আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে দলে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন তা অব্যাহত রাখতে পারি। দলের সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, যেন ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি।”

ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে পড়েছিল। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে কঠিন পরিস্থিতি সামলে শেষ পর্যন্ত ৩৪ রানের দারুণ এক জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিরা। কাগজে-কলমে ভারত কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক আত্মবিশ্বাসকে পুঁজি করে জয় ছিনিয়ে নিতে উন্মুখ টাইগ্রেসরা।

বল হাতে ভরসা ‘মারুফা ম্যাজিক’
চলতি আসরে বল হাতে বাংলাদেশ দলের অন্যতম প্রধান ভরসা মারুফা আক্তার। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিলেন তিনি; চার ওভারে মাত্র ২১ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। 

ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মারুফা। এক লাফে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি, যা বর্তমানে বাংলাদেশি নারী বোলারদের মধ্যে সর্বোচ্চ। 

ভারতের তারকাখচিত শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ম্যাচে নতুন বল হাতে মারুফার শুরুটা কেমন হয়, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশের ফাইনালের ভাগ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।