'নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’: রেজিস্ট্রেশনে পিরোজপুর জেলায় শীর্ষে কাউখালী

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৯ আগস্ট, ২০২৬ ৫:১৪ পিএম
শেয়ার করুন:
'নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’: রেজিস্ট্রেশনে পিরোজপুর জেলায় শীর্ষে কাউখালী

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে শুরু হওয়া ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রমে পিরোজপুর জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করছে, তার তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে নিয়মিত ইউএনও কার্যালয়ে তদারকি করা হচ্ছে।

পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং নিবন্ধনের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি ইভেন্টে রেজিস্ট্রেশন করতে পারছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এ বিষয়ে কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সবগুলো ইভেন্টে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দারুণভাবে সহযোগিতা করছে। আমাদের চেষ্টা থাকবে, কোনো যোগ্য শিক্ষার্থী যেন এই সুযোগ থেকে বাদ না পড়ে।”

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, “শিশু-কিশোরদের মাঠমুখী করা ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ‘নতুন কুড়ি স্পোর্টস’ একটি চমৎকার প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে। প্রশাসনিক তৎপরতা ও ক্রীড়া সংস্থার সক্রিয় ভূমিকার কারণেই কাউখালী বর্তমানে পুরো জেলায় শীর্ষে অবস্থান করছে। আমাদের মূল লক্ষ্য তৃণমূলের প্রতিটি প্রতিভাবান শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।