নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

অনলাইন ডেস্কঃ
২৭ জুলাই, ২০২৬ ১:৫২ পিএম
শেয়ার করুন:
নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

চ্যাপেকোয়েন্সের বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করে সান্তোসকে ২-২ ব্যবধানের ড্র এনে দিয়েছিলেন নেইমার। কিন্তু মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আবারও শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে দুই তরুণ সতীর্থকে অপমান করা এবং পরের দিন অনুমতি ছাড়াই অনুশীলনে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম *গ্লোবো*র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চ্যাপেকোয়েন্স ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে দুই তরুণ সতীর্থ—গাব্রিয়েল বন্তেম্পো এবং আত্মঘাতী গোল করা জোয়াও আনানিয়াসের ওপর চরম অসন্তুষ্টি প্রকাশ করেন নেইমার। প্রতিবেদন অনুযায়ী, তিনি বন্তেম্পোকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক সুরে বলেন—২০২৭ সালে হয়তো তাকে ‘সিরি বি’-তে চ্যাপেকোয়েন্সের হয়ে খেলতে হবে। একই সঙ্গে আনানিয়াসের খেলার সামর্থ্য নিয়েও কটূক্তি করেন তিনি।

বিতর্কের সেখানেই শেষ নয়। ম্যাচের পরদিন রোববারে ‘পেলে ট্রেনিং সেন্টার’-এ রিকভারি সেশন নির্ধারিত থাকলেও নেইমার তাতে অংশ নেননি। সেখানে উপস্থিত হয়ে কেবল কিছু ছবি তোলা ও কফি পানের পর কোচিং স্টাফের অনুমতি ছাড়াই তিনি সেখান থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পরবর্তীতে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুশীলন কেন্দ্রে যান।

অভিযোগ উড়িয়ে দিয়ে নেইমারের ব্যাখ্যা

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামের এক পোস্টে নেইমার লেখেন, 
“আমরা যেমন রোববার চেয়েছিলাম, এটি তা নয়। তবে আমাদের মাথা উঁচু রেখে কাজ করে যেতে হবে। শুনছি, আমি নাকি ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের ধমক দিয়েছি—এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

পরবর্তীতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 
“যে বা যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, দয়া করে এমনটা করবেন না। ড্রেসিংরুমে পুরো দল মিলে আলোচনা হয়েছে—আমি, লুকাস ভেরিসিমো, আরাও, গাবি, ব্রাজাও সবাই ছিলাম। আমরা প্রতিযোগী মনোভাব সম্পন্ন এবং জিততে চাই, তাই নিজেদের পারফরম্যান্স নিয়ে কড়া আলোচনা হয়েছে। কিন্তু তরুণদের আলাদা করে ধমক বা অপমান করার বিষয়টি সত্য নয়। আমি এই মিথ্যা মেনে নেব না।”

সান্তোসে ধারাবাহিক বিতর্ক

সান্তোসে ফেরার পর থেকে নেইমারকে ঘিরে বিতর্কের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২৬ সালের শুরুর দিকে দলের আরেক তরুণ ফরোয়ার্ড রবসন জুনিয়রকে চড় মারার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে তিনি নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।

তাছাড়া, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া নিয়েও নতুন করে সমালোচনার মুখে পড়েছেন নেইমার। একাংশের মতে, তিনি ইচ্ছাকৃতভাবেই কার্ডটি নিয়েছেন। জবাবে ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, 
“ভুল করে কার্ড পেয়েছি, এখন তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু দয়া করে এসব বিষয় নিয়ে মনগড়া গল্প বানাবেন না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।