ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

অনলাইন ডেস্কঃ
২০ জুলাই, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশটির রাজধানী বুয়েনস আইরেসে পুলিশ ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। লিয়োনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বুয়েনস আইরেসের রাজপথে জড়ো হয়েছিলেন লাখো সমর্থক। বড় পর্দায় খেলা দেখার পর প্রিয় দলের এই পরাজয়ে ভেঙে পড়েন তারা। 

ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোল না হলেও অতিরিক্ত সময়ে স্পেনের ফেরান তোরেস একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষের বাঁশি বাজার পরও মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়ার অভিযোগে ম্যাচ শেষে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকেও লাল কার্ড দেখান রেফারি।

এদিকে বুয়েনস আইরেসের প্রায় ৩০ লাখ মানুষের শহরজুড়ে হারের আগ পর্যন্ত শান্ত পরিবেশ থাকলেও স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি বদলে যায়। রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের চারপাশে নিরাপত্তার জন্য দেওয়া বেষ্টনী ভেঙে একদল সমর্থক ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে বিক্ষুব্ধ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে ফাইনালে হেরে গেলেও নিজেদের ফুটবলারদের বীরের সম্মান দিতে ভুলছে না আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ঘোষণা করেছেন, জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দেশে ফিরে যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবেন, সেদিনই দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করে ওবেলিস্ককে কেন্দ্র করে বিজয় উৎসব করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।