এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্কঃ
৭ জুলাই, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছেন।

সোমবার (৬ জুলাই) রাতে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পাশাপাশি এর পেছনে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।” তিনি আরও মন্তব্য করেন, পুলিশকে যদি দলীয় স্বার্থে ব্যবহার করা হয়, তবে তারা এ ধরনের সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে পুলিশের নিরপেক্ষতা ও সক্ষমতা স্পষ্ট হবে বলে তিনি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিস্ফোরণের সাথে সাথেই সমাবেশস্থলের বিদ্যুৎ চলে যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। পরবর্তীতে কিছু পুলিশ সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। তবে যেকোনো পরিস্থিতিতেই তাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে এবং তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যাবেন বলে জানান। 

গুরুতর আহত ৪ জন
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিস্ফোরণের ঘটনায় দলটির অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন— মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। 

তাদের মধ্যে তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা চলছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান জানান, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর জখম রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বক্তব্য চলাকালে বিস্ফোরণ, অক্ষত আছেন কেন্দ্রীয় নেতারা
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও তারা সবাই অক্ষত ও নিরাপদ রয়েছেন।

এদিকে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। জুলাই গণ-আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি কোনো বাধা ছাড়াই চলমান থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।