ইমামতিতে বাধা, কার দিকে ইঙ্গিত করলেন জামায়াত এমপি নাজিবুর

অনলাইন ডেস্কঃ
২৫ জুলাই, ২০২৬ ২:৩১ পিএম
শেয়ার করুন:
ইমামতিতে বাধা, কার দিকে ইঙ্গিত করলেন জামায়াত এমপি নাজিবুর

পাবনার সাঁথিয়ায় মসজিদে জুমার নামাজ ও ইমামতিকে কেন্দ্র করে হামলা ও অপ্রীতিকর ঘটনার পেছনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর ‘প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা’ রয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার দ্রুত অপসারণ দাবি করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ‘ইমাম হোসাইন অডিটোরিয়ামে’ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব বিস্ফোরক অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও পুলিশের প্রতি অভিযোগ
সংবাদ সম্মেলনে এমপি নাজিবুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যদি নিজের একতিয়ারের বাইরে গিয়ে স্থানীয় রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেন, তবে এর দায়ভার তাকেই নিতে হবে। প্রয়োজনে এই দায়ভার প্রধানমন্ত্রীকেও বহন করতে হবে।” তিনি দাবি করেন, সেখানে একটি বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল, যা সচেতন জনগণ প্রতিহত করেছে।

একই সময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের প্রত্যাহার দাবি করে তিনি বলেন, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে। তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অনর্থক হয়রানি করছেন। এমনকি জুমার দিনের হামলায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের আইনি সহযোগিতা না দিয়ে উল্টো বাধার সৃষ্টি করেছে।

বিএনপির ভূমিকা ও ইমামতি বিতর্ক 
সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান মোমেন অভিযোগ করে বলেন, জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে বহিরাগত ও সন্ত্রাসী জড়ো করেছিল এবং পুলিশ তাদের হামলার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, “আমার সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। বিএনপি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দিয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”

মসজিদে ইমামতি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, “আমি মসজিদে ইমামতি করতে পারব কি না, তা অন্য কেউ ঠিক করার অধিকার রাখে না। এলাকার জনগণ ভালোবেসে আমাকে দিয়ে ইমামতি করায়। কার অনুমতি নিয়ে আমাকে নামাজ পড়াতে হবে? এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।”

‘আমি পালাব না’  
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমার বাবার ফাঁসি হয়েছে, আমি তার সন্তান। হামলা চালিয়ে ভেবেছিল আমি ঢাকা বা লন্ডনে পালিয়ে যাব। কিন্তু আমি পালাব না।”

বিকেলে ঘটে যাওয়া এক ছুরিকাঘাতের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে অভিহিত করে জামায়াতের এই এমপি দাবি করেন, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই তাদের সংগঠনের সাথে জড়িত নন।

সংবাদ সম্মেলনে উপস্থিতি 
জরুরি এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক, পৌর আমির হাফেজ আব্দুল গফুর, জেলা যুব বিভাগের সেক্রেটারি তাইজুল ইসলামসহ জামায়াত ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।