ঈদুল আজহার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
২১ মে, ২০২৬ ২:২৩ পিএম
শেয়ার করুন:
ঈদুল আজহার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

সভায় ঈদুল আজহা উপলক্ষে গৃহীত বিভিন্ন নিরাপত্তা ও জনসেবামূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে কেনাবেচা করতে পারেন, সেটিই হবে পুলিশের মূল লক্ষ্য। জাল নোটের বিস্তার রোধে প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং হাটের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বসানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে সভায় স্পষ্ট করা হয়, মহাসড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। এছাড়া মাঝরাস্তায় গাড়ি থামিয়ে পশু উঠানামা বন্ধে কঠোর নজরদারি থাকবে। মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম জোরদার, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং রোধ, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ত্রি-হুইলার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে সংশ্লিষ্টদের কঠোর দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এছাড়া ঈদের ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং শহরের বেইলি ব্রিজ থেকে থানা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদারে টহল পুলিশের উপস্থিতি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দেওয়া সম্ভব।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় সাংবাদিকরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।