পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ

অনলাইন ডেস্কঃ
May 21, 2026 - 11:15
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। একই সঙ্গে, ই-পাসপোর্টের নকশায় পরিবর্তন এনে পূর্ববর্তী সরকারের আমলের বিভিন্ন রাজনৈতিক স্থাপনা ও প্রতীকের জলছাপ সরিয়ে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিসহ জাতীয় ঐতিহ্যের নানা চিত্র যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

পাসপোর্টে ফিরছে ইসরায়েলবিরোধী শর্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সাথে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে এই শর্তটি প্রিন্ট করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের তাৎক্ষণিক কোনো জটিলতায় পড়তে হবে না; বরং বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করার সময়ই নাগরিকরা এই নতুন সংস্করণের পাসপোর্ট পেয়ে যাবেন। উল্লেখ্য, ২০২০ সালে ই-পাসপোর্ট প্রবর্তনের সময় তৎকালীন সরকার পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দিয়েছিল, যা নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা ছিল।

জলছাপে আসছে আমূল পরিবর্তন
পাসপোর্টের ভেতরের পৃষ্ঠার জলছাপেও বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় আগের সরকারের আমলে যুক্ত করা নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক ও রাজনৈতিক প্রতীকী স্থাপনাগুলো বাদ দেওয়া হচ্ছে। 

বাদ পড়া ছবিগুলোর তালিকায় রয়েছে—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, নৌকার ছবি, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা।

নতুন পাসপোর্টে যা থাকছে
নতুন সংস্করণের পাসপোর্টে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। রংপুরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকার সেই আইকনিক ছবিটি পাসপোর্টের জলছাপে স্থান পাচ্ছে। 

এছাড়া বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে নতুন করে যুক্ত হচ্ছে—ঐতিহাসিক বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকত, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, রাজশাহীর আমবাগান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধ। তবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার ও সুন্দরবনের মতো ঐতিহ্যবাহী ছবিগুলো অপরিবর্তিত থাকছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পাসপোর্টের জলছাপ পরিবর্তন ও নতুন ছবি যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে নতুন পাসপোর্ট মুদ্রণের কার্যক্রম শুরু হবে। 

বিশ্লেষকদের মতে, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং জলছাপের এই পরিবর্তন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিচয়ের নতুন প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow