হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমা মৃত্যু
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৫৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা (যিনি এলাকায় মাস্টার নামে পরিচিত ছিলেন) চিৎমরম বড় পাড়া এলাকার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
স্থানীয় সূত্র ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, রবিবার সন্ধ্যায় মংখ্যাইচিং মারমা চাকুয়া পাড়া সংলগ্ন গভীর জঙ্গলে নিজের গরু খুঁজতে গিয়েছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে একদল বন্যহাতির সামনে পড়ে যান। বন্যহাতিটি তাকে শুঁড় দিয়ে সজোরে আছাড় দিলে এবং আক্রমণ করলে তিনি গুরুতর জখম হন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিক সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সংবাদ পাওয়ার পর থেকেই বিষয়টি তদারকি করছে। ভৌগোলিক দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সময় লাগলেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন গভীর শোক প্রকাশ করে জানান,
"বন্যহাতির আক্রমণে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বন বিভাগের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিহতের পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে সরকারি ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, পাহাড়ে খাদ্যাভাবের কারণে বন্যহাতিরা প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসছে। সাধারণ মানুষকে পাহাড়ি পথে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতি দেখা গেলে নিজ হাতে আইন তুলে না নিয়ে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ করেন তিনি।
এলাকাবাসীর ভাষ্যমতে, কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক ও পাহাড়ি জনপদে বন্যহাতির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর লোকালয়ে হাতির আনাগোনা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে জানমাল রক্ষায় এবং হাতির করিডোরগুলোতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।নিহত মংখ্যাইচিং মারমার অকাল প্রয়াণে চিৎমরম এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?
রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ