নগরকান্দায় ইয়াবার পাশাপাশি ছড়িয়ে পড়ছে হিরোইনের ভয়াবহতা, উদ্বেগ বাড়ছে জনমনে

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১০ মার্চ, ২০২৬ ১১:৫৯ এএম
শেয়ার করুন:
নগরকান্দায় ইয়াবার পাশাপাশি ছড়িয়ে পড়ছে হিরোইনের ভয়াবহতা, উদ্বেগ বাড়ছে জনমনে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইয়াবার পাশাপাশি নতুন করে মরণনেশা হিরোইনের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় পর্যায়ে এই মাদকের সহজলভ্যতায় একদিকে যেমন অপরাধ প্রবণতা বাড়ছে, অন্যদিকে ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে তরুণ প্রজন্ম। এ নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবকসহ স্থানীয় সচেতন মহল।

অনুসন্ধানে জানা গেছে, একসময় নগরকান্দায় ইয়াবার আধিপত্য থাকলেও বর্তমানে হিরোইনের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকাকে কেন্দ্র করে গোপনে চলছে এই মাদকের জমজমাট বাণিজ্য। আধুনিক প্রযুক্তির কল্যাণে মাদক কারবারিরা এখন অনলাইনের মাধ্যমেও হিরোইন সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, অতি মুনাফালোভী এক শ্রেণির মাদক ব্যবসায়ী ইয়াবার চেয়ে বেশি লাভের আশায় এখন হিরোইনের দিকে ঝুঁকছে। ফলে উঠতি বয়সী তরুণ ও যুবকরা খুব সহজেই এই ভয়ংকর মাদকের মরণফাঁদে পা দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “ইয়াবার আগ্রাসনে এলাকার পরিবেশ এমনিতেই অস্থির ছিল, তার ওপর হিরোইনের উপদ্রব যুক্ত হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাদক বিক্রির নির্দিষ্ট কিছু স্পট থাকলেও প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।”

এলাকাবাসীর আশঙ্কা, যদি এখনই এই ভয়াবহ পরিস্থিতির লাগাম টেনে ধরা না যায়, তবে নগরকান্দার যুব সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। পরিবার ও সমাজ রক্ষায় স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অপেক্ষায় রয়েছেন নগরকান্দাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।