হাদি হত্যার শুটার গ্রেপ্তার হলেও নেপথ্যের মূল হোতাদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্কঃ
Mar 9, 2026 - 22:02
হাদি হত্যার শুটার গ্রেপ্তার হলেও নেপথ্যের মূল হোতাদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ৮৭ দিন পর মূল শুটার গ্রেপ্তার হওয়ায় এটিকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তাঁর সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। তবে সংগঠনটির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, শুধু গুলি চালানো ব্যক্তি নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী এবং অর্থ জোগানদাতাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (০৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘৮৭ দিন পর খুনি গ্রেপ্তার হওয়া অবশ্যই ইতিবাচক। তবে আমরা শুরু থেকেই বলে আসছি, শুধু শুটারই একমাত্র অপরাধী নন। এর পেছনে যারা মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী রয়েছে, তাদের এখনো ধরা পড়েনি। এর আগে ডিবির তদন্তে ফয়সাল করিম মাসুদকে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।’

বর্তমানে মামলাটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে রয়েছে। এ বিষয়ে জাবের বলেন, ‘শুটার যেহেতু গ্রেপ্তার হয়েছে, এখন তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের ব্যক্তিদের বের করার সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, অথচ খুনি কীভাবে ভারতে পালিয়ে গেল এবং তাকে কারা 'সেফ এক্সিট' দিল, সেই রহস্য উদঘাটন করতে হবে।’

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘের কাছে যাওয়ার যে প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার শুরু করেছিল, তা অব্যাহত রাখার দাবি জানান জাবের। তিনি বলেন, ‘ নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সরকারের উচিত এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত রাখা এবং মামলার অগ্রগতির বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা।’

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাদের দমনের চেষ্টা করছে। জাবের বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বর্তমানে পলাতক। তারা ঘরে বসে আমাদের ফেসবুক আইডি ও পেজগুলোতে গণহারে রিপোর্ট করে সেগুলো নষ্ট করে দিচ্ছে। আমার নিজের আইডিসহ সংগঠনের অনেকের আইডিই লগইন করতে সমস্যা হচ্ছে।’

পুলিশের কাছে থাকা সংগঠনের সদস্যদের ডিভাইসগুলো ফেরত না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাবের। তিনি অভিযোগ করেন, ‘যমুনার সামনে থেকে পুলিশ আমাদের যে ফোনগুলো নিয়েছিল, সেগুলো এখনো হস্তান্তর করা হয়নি। ওই ফোনগুলোতে থাকা আইডিগুলো একে একে হ্যাক বা ডিজেবল হয়ে যাচ্ছে। আমাদের বারংবার অনুরোধ সত্ত্বেও ফোনগুলো ফেরত দেওয়া হচ্ছে না। এর পেছনে ভেতর থেকে কোনো অসাধু চক্র কাজ করছে কি না, তা নিয়ে আমরা আতঙ্কিত।’

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ফাতিমা তাসনিম জুমা জানান, সাইবার আক্রমণের শিকার হয়ে তিনিও নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে নতুন আইডি খুলতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া এবং নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন ও দাবি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow