নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: সেই বিএনপি নেতাকে শোকজ

অনলাইন ডেস্কঃ
Mar 8, 2026 - 23:02
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: সেই বিএনপি নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের মামলা করেছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হওয়ার সমন জারি করেছেন। তবে দলের অনুমতি ছাড়া এই মামলা দায়ের করায় বাদী আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

রোববার (৮ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকজের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আশরাফুল ইসলাম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন আশরাফুল ইসলাম। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে এই মামলা করা হয়।

মামলার আবেদনে বলা হয়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে হেরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক ও ইউটিউব) এবং অনলাইন পত্রিকায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে পাটওয়ারীর দেওয়া মানহানিকর বক্তব্য ছড়িয়ে পড়ে। মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে এসব শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করেছেন। একইসঙ্গে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow