সংসদে এবং রাজপথে সমানতালে ভূমিকা রাখবে জামায়াত : এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

দেশ ও জাতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে এবং সংসদে সমানতালে শক্তি শালী ভূমিকা রাখ??

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 7, 2026 - 16:18
Mar 7, 2026 - 05:22
সংসদে এবং রাজপথে সমানতালে ভূমিকা রাখবে জামায়াত : এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

দেশ ও জাতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে এবং সংসদে সমানতালে শক্তি শালী ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।  

শুক্রবার (৬ মার্চ) বাদ আছর খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে এ অভিমত ব্যক্ত করেন তিনি। 

মাটিরাঙ্গা পৌর জামায়াতের আমীর শামছুল হকের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াত মনোনীত সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এম পি পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, খেলাফত মজলিশ খাগড়াছড়ির জেলা আমীর মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, জেলা সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, খাগড়াছড়ি জেলা যুব পরিষদের সভাপতি মোহাম্মদ জালাল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল জলিল।

মাটিরাঙ্গা উপজেলা সদরের চৌধুরী কমিউনিটি সেন্টারে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দেশের ইতিহাসে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করতে যাচ্ছে। দেশ ও জাতির কল্যানে সংসদে ও রাজপথে সমানতালে শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। ক্ষমতাসীন দল বিএনপির ভালো কাজে জামায়াত সহযোগিতা করবে। বিএনপি কোন খারাপ কাজ করলে জামায়াত তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে বলে অভিমত প্রকাশ করেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জামায়াতের ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সরকারি দল ও বিরোধীদলের এমন সুন্দর যোগাযোগের নজির দ্বিতীয়টি নেই। নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা ঘটলেও সেটা যেন ভবিষ্যতে আর না ঘটে সেদিকে উভয়পক্ষ যেন সজাগ দৃষ্টি রাখেন সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের প্রতি সে আহবান জানান ইউসুফ চৌধুরী। 

মাটিরাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি আবু বকর ছিদ্দিক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিন, পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক আবদুর রহিম, জামায়াত নেতা হাফিজুর রহমান, মাকছুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow