তৃতীয় বিদেশি ভাষায় দক্ষতা থাকলে চাকরির জন্য বসে থাকতে হবে না: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
৭ মার্চ, ২০২৬ ১১:০১ এএম
শেয়ার করুন:
তৃতীয় বিদেশি ভাষায় দক্ষতা থাকলে চাকরির জন্য বসে থাকতে হবে না: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তৃতীয় কোনো ভাষা জানা থাকলে ভবিষ্যৎ কর্মজীবনে চাকরির জন্য বসে থাকতে হবে না; বরং আন্তর্জাতিক অঙ্গনে কাজের নতুন নতুন সুযোগ তৈরি হবে।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই ‘নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল’-এর আয়োজন করে।

মো. তৌহিদ হোসেন বলেন, "গ্রামে অনেক শিক্ষিত ছেলেমেয়েকে বেকার ঘুরে বেড়াতে দেখি, তাদের কোনো কাজ নেই। অথচ বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, চীনা, কোরিয়ান, স্প্যানিশ বা ফরাসি ভাষার মতো যেকোনো একটিতে দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে তাদের জন্য কাজের বিশাল সুযোগ তৈরি হতো।" বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি উন্নত বিশ্বে নিজেদের জায়গা করে নিতে পারবে, যাতে ব্যক্তি, সমাজ ও দেশ—সবাই উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

পাসপোর্টে বয়স বাড়ানোর মতো অনিয়মের কড়া সমালোচনা করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার একটি প্রবণতা রয়েছে। অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য এই কাজ করেন, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবন ঝুঁকিতে ফেলার মতো মর্মান্তিক পরিস্থিতি তৈরি হবে না। এ ছাড়া স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও বেশি উৎসাহিত করার ওপরও জোর দেন তিনি, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে সফল হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিলে বিশ্বব্যাপী চরম জ্বালানি সংকট দেখা দিতে পারে।

ডুসারের সভাপতি মো. নাজমুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।