আত্রাইয়ে ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ২, পাঠানো হলো আদালতে

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১২ অক্টোবর, ২০২৬ ৫:৪৯ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ২, পাঠানো হলো আদালতে

নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামাণিক (৪৫) বিপ্রবোয়ালিয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রকিব বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর স্থানীয় জনতা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিপ্রবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমারকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর রোববার রাতে থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিনকে (২১) গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, "গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।