নগরকান্দায় কুমার নদে জমকালো নৌকাবাইচ উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১০ অক্টোবর, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় কুমার নদে জমকালো নৌকাবাইচ উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নদীমাতৃক বাংলার হাজার বছরের লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (১০ অক্টোবর) উপজেলার দক্ষিণকান্দী সেতুসংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।  

স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য এ প্রতিযোগিতার আয়োজন করে ‘দক্ষিণকান্দী যুব সমাজ’। নৌকাবাইচকে কেন্দ্র করে কুমার নদের দুই তীরে হাজারো উৎসুক মানুষের ঢল নামে এবং পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “নৌকাবাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই উৎসবের আনন্দের পাশাপাশি আমাদের সমাজকে সুন্দর ও নিরাপদ রাখতে হবে। নগরকান্দা ও সালথা উপজেলাকে মাদকমুক্ত রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”  

এ সময় তিনি যেকোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা পরিহার করে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে একসঙ্গে মিলেমিশে চলার উদাত্ত আহ্বান জানান।  

আয়োজকেরা জানান, নদীমাতৃক বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখা এবং সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে অংশ নেওয়া দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।