শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
৫ অক্টোবর, ২০২৬ ৫:০১ পিএম
শেয়ার করুন:
শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় আক্ষেপে পুড়তে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের রোমাঞ্চে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহের। এরপর অন্য ওপেনার অচেনা জান্নাত ২৪ বলে ১৬ রান করে আউট হন এবং রানের খাতা খোলার আগেই বিদায় নেন বিবি আয়েশা। 

দ্রুত ৩ উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন দলের হাল ধরেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। চতুর্থ উইকেটে তারা গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। নিশি ৩৫ বলে ২৬ রান করে রানআউট হলেও অধিনায়ক সাদিয়া এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত মাত্র ২২ বলে ৩৯ রানের এক কার্যকর ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি, যা ছিল দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। এছাড়া সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করলে দলের সংগ্রহ দাঁড়ায় ১১৯।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার নেটমি উপেক্ষা ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচে ফিরে আসে তারা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি, যা তাদের জয়ের ভিত গড়ে দেয়।

ম্যাচ শেষ ওভারের শেষ বল পর্যন্ত গড়ালেও স্নায়ুচাপ ধরে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। ফলে জয়ের সুবাস পেয়েও মাঠ ছাড়তে হয় হতাশায়। 

বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।