দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চারজনের বিরুদ্ধে এজাহার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চারজনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় উয়াদ আলী (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের ছেলে মো. কাজেম আলী। 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত উয়াদ আলী রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি নিজ বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মো. মোর্সালিম নামে এক যুবক দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উয়াদ আলীকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এজাহারে নিহতের ছেলে অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলে থাকা যুবকেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. কাজেম আলী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মো. মোর্সালিম (১৯), হোসাইন আহমেদ জীবন (১৯), মো. রাব্বি আলী (১৯) ও মো. আল আমিন (১৯)। এজাহারে তাঁদের বিরুদ্ধে দায়িত্বহীনভাবে যান চালিয়ে প্রাণহানির অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। 

এদিকে, উয়াদ আলীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।