ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা. মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁরা এ ধরনের সেবামূলক কার্যক্রমে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আলোচনায় বক্তারা আরও জানান, জনকল্যাণমুখী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড এবং জেলার ১২টি ইউনিয়নেও বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এ সময় গত ছয় মাসে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দিতে মেডিসিন, ডায়াবেটিস, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার।

দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ (অনিক), ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম। 

এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবা নিতে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।