২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে সন্তানের জন্ম

অনলাইন ডেস্কঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৪ পিএম
শেয়ার করুন:
২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে সন্তানের জন্ম

একমাত্র সন্তানকে হারানোর তীব্র শোক কাটিয়ে উঠতে এক অনন্য নজির স্থাপন করলেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। ২২ বছর ধরে হিমায়িত (ফ্রোজেন) অবস্থায় সংরক্ষিত থাকা একটি ভ্রূণ ব্যবহার করে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত বছর এক সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী ছেলে জর্জোসকে হারান ক্রিস্টিনা ও তাঁর স্বামী। সেই গভীর শূন্যতা পূরণ করতেই আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) প্রযুক্তির আশ্রয় নেন এই দম্পতি।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিসের রাজধানী এথেন্সের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের সময় নবজাতকটির ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি। প্রয়াত ছেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দম্পতি মেয়েটির নাম রেখেছেন ‘জর্জিয়া’। উল্লেখ্য, তাঁদের প্রয়াত ছেলেও আইভিএফ প্রযুক্তির মাধ্যমেই পৃথিবীর আলো দেখেছিল।

আইনি জটিলতা ও সময়ের বিরুদ্ধে লড়াই  
গ্রিসের প্রচলিত আইন অনুযায়ী নারীদের আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ফলে ক্রিস্টিনার বয়স আইনগত সীমার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছানোয় বিষয়টি অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়। তীব্র মানসিক চাপ এবং মাত্র আড়াই মাসের মধ্যে সমস্ত আইনি ও চিকিৎসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে হয় তাঁদের। চিকিৎসকদের ঐকান্তিক সহযোগিতায় শেষ পর্যন্ত এই অসম্ভবকে সম্ভব করেন তাঁরা।

এই অভাবনীয় সাফল্যের পর চিকিৎসকেরা গ্রিসে আইভিএফ-সংক্রান্ত বয়সসীমা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। ক্রিস্টিনার স্বামী ৬০ বছর বয়সী কনস্টান্টিনোস চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “চিকিৎসক আমাদের পরিবারে আবার বাঁচার আশার আলো ফিরিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে জন্মহার হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের উচিত এই বয়সের আইন সংস্কার করা।”

নতুন জীবনের সূচনা  
হাসপাতালের কক্ষে গোলাপি বেলুন আর ফুলে সাজানো বিছানায় সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্রিস্টিনা। তিনি বলেন, “আমি ও আমার স্বামী জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চেয়েছি। আমাদের নিঃসঙ্গ ঘরে নতুন প্রাণ ফিরিয়ে এনে পরিবারের গল্পটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি।” এই দম্পতি ভবিষ্যতে তাঁদের সংরক্ষিত থাকা ভ্রূণ থেকে আরও একটি সন্তান নেওয়ার সম্ভাবনার কথা ভাবছেন।

দীর্ঘমেয়াদি ভ্রূণ সংরক্ষণে সন্তান জন্মের নজির
দীর্ঘদিন ভ্রূণ হিমায়িত রেখে সফলভাবে সন্তান জন্মদানের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ডটি যুক্তরাষ্ট্রের দখলে। ২০২৪ সালের ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতি প্রায় ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত থাকা একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিয়েছিলেন, যা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম এক বিস্ময় হিসেবে স্বীকৃতি পায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।