বালিয়াকান্দিতে সড়কের ভাঙন রোধে ব্যক্তিগত উদ্যোগে জিও ব্যাগ স্থাপন

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
১৯ আগস্ট, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে সড়কের ভাঙন রোধে ব্যক্তিগত উদ্যোগে জিও ব্যাগ স্থাপন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ‘নতুনচর-আবাসন’ সড়কের ভাঙন রোধে ব্যক্তিগত অর্থায়নে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ আহমেদ আশিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নতুনচর-আবাসন সড়কের বিভিন্ন অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। চলমান বর্ষা মৌসুমে পানির চাপ বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। 

এলাকাবাসী জানান, আবাসন এলাকাটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হওয়ায় প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য দর্শনার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির ভাঙন দ্রুত প্রতিরোধ করা না হলে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের যাতায়াতেও বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেন।

এ বিষয়ে উদ্যোক্তা মো. ফরিদ আহমেদ আশিক বলেন, “সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই নিজস্ব অর্থায়নে এই জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নিয়েছি। সড়কটির ভাঙন ঠেকিয়ে মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য।”

এদিকে সড়কটি রক্ষায় সাময়িক এ উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি দ্রুততম সময়ে টেকসই ও স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।