টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২১ নভেম্বর, ২০২৬ ২:৩৩ পিএম
শেয়ার করুন:
টানা তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সদ্য রোপণ করা হালি পেঁয়াজ, শাকসবজি, ধান ও মরিচের ক্ষেতে পানি জমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

জানা গেছে, টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন নিচু এলাকা ও চরাঞ্চলের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপণ করা হালি পেঁয়াজের চারা পানির নিচে তলিয়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে জমে থাকা পানির কারণে শাকসবজি, ধান ও মরিচ ক্ষেতেরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে পেঁয়াজের বীজ, চারা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন তাঁরা। কিন্তু অসময়ের এই বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় পুরো বিনিয়োগই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

কৃষকদের আশঙ্কা, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পেঁয়াজের চারাসহ অন্যান্য ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে একদিকে যেমন কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, অন্যদিকে বাজারেও কৃষিপণ্যের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।