আরব আমিরাতের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ১১:০৫ এএম
শেয়ার করুন:
আরব আমিরাতের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের। বাছাইপর্বের বাঁচা-মরার শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে আরব আমিরাতের আক্রমণভাগকে সফলভাবে রুখে দিয়ে ম্যাচ গোলশূন্য (০–০) রাখতে সক্ষম হয় লাল-সবুজ শিবির। তবে দ্বিতীয়ার্ধে সেই নিয়ন্ত্রণ আর ধরে রাখা সম্ভব হয়নি। বিরতির পর বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে দুইবার বল জালে জড়ায় স্বাগতিকরা। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

বাছাইপর্বের ‘সি’ গ্রুপে চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করল বাংলাদেশ। 

টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের জন্য মোটেই সুখকর ছিল না। প্রথম ম্যাচেই সিরিয়ার কাছে ৫–১ গোলের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে যায় দল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে ভুটানকে ৪–০ এবং ম্যাকাওকে ১–০ গোলে হারিয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছিল যুবারা। শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে হারাতে পারলে গ্রুপের শীর্ষে উঠে মূল পর্বে যাওয়ার সমীকরণ তৈরি হয়েছিল, তবে পরাজয়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের কেবল চ্যাম্পিয়ন দলই মূল পর্বে খেলার সুযোগ পায়।

এদিকে একই গ্রুপের অন্য ম্যাচে ভুটানকে ১০–০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে সিরিয়া। চার ম্যাচ শেষে সিরিয়া ও আরব আমিরাত—উভয় দলের পয়েন্ট সমান ১০ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মূল পর্বে জায়গা করে নেয় সিরিয়া। ফলে বাংলাদেশকে হারিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাদ পড়েছে আরব আমিরাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।