ফরিদপুরে মিথ্যা মামলা করায় বাদী ও তাঁর স্বামীর ৩ বছরের কারাদণ্ড

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৭ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে মিথ্যা মামলা করায় বাদী ও তাঁর স্বামীর ৩ বছরের কারাদণ্ড

মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিবাদীকে অহেতুক হয়রানি এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার দায়ে মামলার বাদী রিনা আক্তার ও তাঁর স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মামলার বাদী রিনা আক্তার এবং তাঁর স্বামী ও মামলার ১ নম্বর সাক্ষী মাসুদ বেপারী।

আদালত সূত্রে জানা যায়, বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট মামলাটির বিচারিক কার্যক্রম চলাকালে বাদী রিনা আক্তার ও তাঁর স্বামী মাসুদ বেপারী আদালতে জবানবন্দি ও সাক্ষ্য প্রদান করেন। পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবী তাঁদের বিশদ জেরা করেন। জেরার একপর্যায়ে ওই দম্পতির দেওয়া তথ্যে সুস্পষ্ট অসঙ্গতি ও পরস্পরবিরোধী বক্তব্য প্রকাশ পায়। তাঁদের জবানবন্দি ও জেরার জবাব বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত নিশ্চিত হন যে, ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এবং বিবাদীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই সম্পূর্ণ বানোয়াট অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।

সাক্ষ্যের ভিত্তিতে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক ক্ষোভ প্রকাশ করেন। আদালতের সময় নষ্ট এবং বিবাদীকে অন্যায়ভাবে হয়রানির অপরাধে বিচারক শামীমা পারভীন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় বাদী রিনা আক্তার ও তাঁর স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পরপরই এজলাসে উপস্থিত থাকা ওই দম্পতিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং সাজা পরোয়ানা মূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, "মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে বিজ্ঞ আদালতের এমন কঠোর রায় সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে। এতে করে নিরীহ মানুষকে হেনস্তা করার প্রবণতা কমে আসবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।