ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
৬ জুন, ২০২৬ ২:৫৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি-পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তারা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আমাদের নিজেদের বাসাবাড়ি, অফিস ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে মশা নিধনে স্প্রে ব্যবহার এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের আহ্বান জানান তারা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ সব পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জোরালো প্রচারণা চালানোর ওপর জোর দেওয়া হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’, ‘আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই’ এবং ‘ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি’—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. শামীম আজাদ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, একটি ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে জনসচেতনতামূলক এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।