আলফাডাঙ্গায় ‘বিদ্যাধর মসজিদুল আকসা জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৬ আগস্ট, ২০২৬ ১১:১৯ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ‘বিদ্যাধর মসজিদুল আকসা জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বিদ্যাধর মসজিদুল আকসা (বায়তুল মাকদাস) জামে মসজিদ’। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির শুভ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

জানা যায়, ২০২২ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হলেও এতদিন এর কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। এ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যাধর গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য মসজিদটি নিয়মিত নামাজ আদায় ও দ্বীনি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, “মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি মানুষের আত্মিক পরিশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ গঠনের একটি অন্যতম কেন্দ্র। ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” 

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করে নৈতিক শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামের শান্তির বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান এবং জামায়াত নেতা শাহাদত হোসেনসহ স্থানীয় সুধীজন ও সাধারণ মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে মসজিদটির সার্বিক উন্নয়ন, এলাকার মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।