"পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ"- মানসিক ভারসাম্যহীন মা ও তার কন্যার পাশে মানবিক ইউএনও রেজওয়ানা আফরিন

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৭ জুলাই, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন:
"পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ"- মানসিক ভারসাম্যহীন মা ও তার কন্যার পাশে মানবিক ইউএনও রেজওয়ানা আফরিন

ফরিদপুরের নগরকান্দায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সময়োচিত ও মানবিক উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পর্যবেক্ষণে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী বাজার এলাকায় হঠাৎ প্রসব বেদনায় ছটফট করছিলেন এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারী। সেখানেই তিনি তার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি নজরে আসতেই বিন্দুমাত্র দেরি করেননি স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এগিয়ে এসে মা ও নবজাতককে উদ্ধার করে নিয়ে যান নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানিয়েছেন, প্রসূতি ও নবজাতক কন্যাশিশু দুজনেই এখন ঝুঁকিমুক্ত ও সুস্থ আছে। তাদের সার্বক্ষণিক দেখভাল করা হচ্ছে।

মানবিক এই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার মোহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ। সেখানে ইউএনও রেজওয়ানা আফরিন সদ্যজাত শিশুটিকে পরম স্নেহে কোলে তুলে নেন। তিনি আশ্বাস দেন, পরিচয় নিশ্চিত হওয়া না গেলে মা ও শিশুর সব ধরণের দায়িত্ব গ্রহণ করবে সরকার।

স্থানীয়দের এই প্রশংসনীয় উদ্যোগ আর প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।