সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

অনলাইন ডেস্কঃ
২৭ জুলাই, ২০২৬ ১০:৫৪ এএম
শেয়ার করুন:
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেন, ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার গ্রেপ্তারের বিরুদ্ধে আর কোনো সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই।

গত রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে এনসিপির ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ‘ন্যায্য, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।

পথসভায় বিএনপির ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন বলেন, দলটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। দেশের মানুষ নতুন রাষ্ট্র গঠনের জন্য যে রায় দিয়েছিল, সেটি কার্যকর করা হচ্ছে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং ‘জুলাই আদেশে’র ওপর ভিত্তি করেই বর্তমান সরকার গঠিত হয়েছে। তাই ‘জুলাই সনদ’-এর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত না হলে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশন দখলের মাধ্যমে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের পাঁয়তারা করছে এবং কমিশনকে নিরপেক্ষ রাখতে চাইছে না।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় নারীশক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতু বলেন, "বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বলেছিলেন, দেশে যদি কখনো জনগণের সরকার আসে, তবে এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু তারেক রহমান নিজের মায়ের সেই আকাঙ্ক্ষা পূরণ করেননি। যে সন্তান নিজের মায়ের ইচ্ছা রক্ষা করতে পারে না, সে কীভাবে দেশ পরিচালনা করবে?"

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।