স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যায় আটক ২

অনলাইন ডেস্কঃ
৯ জুন, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যায় আটক ২

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

আটকরা হলেন রিয়াজ ও আল আমিন। তাদের মধ্যে একজনকে ঢাকা থেকে এবং অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে, সোমবার (৮ জুন) রাত পৌনে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার রাতে যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীরা আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেনের ভাগনে মোবারক হোসেনকে (আকাশ) মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় দিদারুল ইসলামের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।

নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মরহুম ইউসুফ তালুকদার।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার রাতেই রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।