ফরিদপুরে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ জুন, ২০২৬ ১০:২২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামের এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে গত তিন মাস ধরে তিনি চরভদ্রাসন এলাকায় ট্রাক্টর চালিয়ে জমি চাষাবাদের কাজ করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদীর তীরবর্তী জমিতে চাষাবাদের কাজ করছিলেন জয়। এ সময় হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ পাশের পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জয় নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি গত তিন মাস ধরে আমাদের এলাকায় চাষাবাদের কাজ করছিল। সকালে দুর্ঘটনার খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।”

এ বিষয়ে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।