রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
May 4, 2026 - 23:13
May 4, 2026 - 23:13
রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরূপা বাজার এলাকা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

​দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। গত দুই দিন ধরে চলে আসা এই উত্তেজনা সোমবার দুপুরে চরম আকার ধারণ করে। দুপুর নাগাদ পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঠিক একই সময়ে নতুন কমিটির সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে।

বিকেল ৩টার দিকে উত্তজনা সংঘর্ষে রূপ নেয়। নতুন কমিটির সমর্থকরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে শহরের কাঁঠালতলী ও বনরূপা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের প্রভাবে বনরূপা এলাকার দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং প্রধান সড়কে যান চলাচল স্থগিত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরূপা এলাকা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, "ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তজনা নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

​বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow