ভাঙ্গুড়ায় দুই মাসের জলাবদ্ধতার অবসান, এমপির ব্যক্তিগত অর্থায়নে ড্রেন সংস্কার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঙ্গালিয়া এলাকায় প্রায় ১১০০

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২৭ জুলাই, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গুড়ায় দুই মাসের জলাবদ্ধতার অবসান, এমপির ব্যক্তিগত অর্থায়নে ড্রেন সংস্কার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঙ্গালিয়া এলাকায় প্রায় ১১০০ মিটার পানির নিষ্কাশন ড্রেন সংস্কার করা হয়েছে। এতে দীর্ঘ প্রায় দুই মাসের জলাবদ্ধতার অবসান হয়েছে এবং স্থানীয় ৬২টি পরিবারের দুর্ভোগ কমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনটি দীর্ঘদিন অকার্যকর থাকায় সড়কে প্রায় দুই ফুট পানি জমে ছিল। ফলে এলাকার বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি স্থানীয় মসজিদের মুসল্লি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়।

পরে এলাকাবাসী বিষয়টি পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগারের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। সংসদ সদস্যের সাংগঠনিক প্রতিনিধি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেকের তত্ত্বাবধানে ড্রেনটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

ড্রেন সংস্কার কাজ পরিদর্শনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি ডা. রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড্রেন সংস্কারের ফলে এলাকাটির জলাবদ্ধতা দূর হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল মান্নান (৬০) বলেন, “দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা চরম ভোগান্তিতে ছিলাম। ড্রেনটি সংস্কার হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি। এজন্য আমরা কৃতজ্ঞ।”

আরেক বাসিন্দা জাহাঙ্গীর (৩০) বলেন, “ড্রেনটি সংস্কারের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হয়েছে। এখন মসজিদ, স্কুল ও বাজারে যাতায়াত অনেক সহজ হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।