কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী

অনলাইন ডেস্কঃ
২৬ জুলাই, ২০২৬ ১১:৪৬ এএম
শেয়ার করুন:
কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী

ভারতে শিক্ষার্থীদের তোপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর এক ব্যতিক্রমী ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে তিনি নতুন প্রজন্মকে (জেন-জি) অভিবাদন জানানোর পাশাপাশি তাদের শক্তিকে খাটো করে দেখার জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং ক্যামেরার সামনে কান ধরে উঠবস করে ক্ষমা চান।

ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস*-এর প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের টানা দাবির মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পর সোনাক্ষী সিনহাকে বেশ উল্লসিত দেখা যায়। 

ভিডিওতে আবেগাপ্লুত হয়ে সোনাক্ষী বলেন, “ভাই, তোমরা আজ কী কাণ্ড ঘটিয়েছ তা ধারণার বাইরে! আমি একজন শিল্পী হতে পারি, কিন্তু আসল শিল্প তো তৈরি করেছ তোমরা। সত্যি বলতে, আমি জেন-জিদের খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা ঝোঁকের মাথায় কিছু করো, আবার দ্রুত ক্লান্ত হয়ে পড়ো—তোমাদের দিয়ে বড় কিছু হবে না। কিন্তু তোমরা যা করে দেখিয়েছ, তা এক কথায় অবিশ্বাস্য!”

নিজের আগের এই ভুল ধারণার মাশুল হিসেবে ক্যামেরার সামনে কান ধরে উঠবস করেন সোনাক্ষী। এরপর মাথার টুপি খুলে তরুণদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তোমাদের স্যালুট! এখন থেকে আমি নিজেও জেন-জি হতে চাই।”

পটভূমি:
প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে ভারতের শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছিল। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি শুরু থেকেই সোচ্চার ছিলেন সোনাক্ষী। আন্দোলন চলাকালে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানোসহ দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি। তাই শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে জেন-জি শিক্ষার্থীদের এক ঐতিহাসিক জয় হিসেবে দেখছেন এই বলিউড তারকা।

সোনাক্ষীর এই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সোনাক্ষী ছাড়াও শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে প্রতিক্রিয়া ও অভিনন্দন জানিয়েছেন শাবানা আজমি, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, বীর দাস ও ঈশান খট্টরের মতো প্রথম সারির বলিউড তারকারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।