কবরস্থানে যাওয়ার পথ তৈরির নামে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১০ জুলাই, ২০২৬ ১২:১৭ পিএম
শেয়ার করুন:
কবরস্থানে যাওয়ার পথ তৈরির নামে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে কবরস্থানে যাতায়াতের পথ তৈরির নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আশরাফ আলী মীরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি জমি হিসেবে পরিচিত। সম্প্রতি ওই স্থানে ট্রাকযোগে বালু ফেলে ভরাট করা হয়েছে। এতে সরকারি জমি দখলের চেষ্টা চলছে বলে তাঁদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা সোলেমান মীর বলেন, এটি বহুদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা হিসেবে পরিচিত। সেখানে বালু ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

একই গ্রামের বাসিন্দা ঝর্না বেগম অভিযোগ করেন, আশরাফ আলী মীর ও রাব্বি সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। পরে আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে নির্মিত ঘর ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া, তাঁর বাপের বাড়ির সামনের সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে সেখানে বালু ভরাট করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি জমি দখল হলে সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ আলী মীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করার উদ্দেশ্যে বালু ফেলিনি। আমাদের বাপ-দাদার কবরস্থানে যাতায়াতের জন্য একটি পথ তৈরি করতে সেখানে কিছু বালু ফেলেছি। 

এ বিষয়ে বোয়ালমারী পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বালু ভরাট বা দখলের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।