ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাবার পথে ইসরায়েলের কাঁটাতারের বেড়া

আন্তর্জাতিক ডেস্কঃ
Apr 17, 2026 - 15:13
ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাবার পথে ইসরায়েলের কাঁটাতারের বেড়া

অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে সাধারণ মানুষের পাশাপাশি এবার সরাসরি আক্রমণের শিকার হচ্ছে শিশুদের শিক্ষা। ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে অভিহিত করেছে।

অমানবিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের উম্ম আল-খাইর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কারমেল ইহুদি বসতি থেকে আসা লোকজনই উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের চলাচলের এই পথটি বন্ধ করে দিয়েছে। এর ফলে বহু ফিলিস্তিনি শিশুর স্কুলে যাওয়া কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

উম্ম আল-খাইর গ্রাম পরিষদের প্রধান খলিল হাতালিন জানান, এটিই ছিল শিশুদের নিরাপদে যাতায়াতের একমাত্র পথ। পথটি বন্ধ করে দেওয়ায় এখন তাদের এমন একটি বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সরাসরি ইহুদি বসতির খুব কাছ দিয়ে গেছে। এতে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উৎকণ্ঠা বহুগুণে বেড়েছে। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘টানা দুই দিন ধরে আমাদের শিশুরা স্কুলে যেতে পারছে না। ইসরাইলি কর্তৃপক্ষ আমাদের যে বিকল্প পথটি ব্যবহার করতে বলছে, তা অত্যন্ত দীর্ঘ ও বিপজ্জনক। তাই আমরা আমাদের শিশুদের নিয়মিত যাতায়াতের প্রধান পথটিই খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’ 

গ্রাম পরিষদের এই প্রধান আরও জানান, বসতি স্থাপনকারীদের মূল উদ্দেশ্য কেবল রাস্তা বন্ধ করা নয়; বরং ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে উচ্ছেদ করা এবং নতুন বসতি সম্প্রসারণের মাধ্যমে পুরো জমি দখল করাই তাদের আসল লক্ষ্য।

মানবাধিকার সংগঠনগুলোও এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো বিষয় হিসেবে দেখছে না। তাদের দাবি, বসতি স্থাপনকারী এবং ইসরাইলি বাহিনী যৌথভাবে ভয়ভীতি দেখিয়ে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বাধ্য করছে, যা কার্যত ‘জাতিগত নিধনের’ শামিল।

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের চলাচলের ওপর এমন বিধিনিষেধ ক্রমাগত বাড়ছে। যত্রতত্র নতুন চেকপোস্ট স্থাপন, সড়ক অবরোধ এবং অবৈধ বসতি সম্প্রসারণের কারণে সেখানকার পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে।

আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এই ইহুদি বসতিগুলোকে অবৈধ ঘোষণা করলেও বাস্তবে এর বিস্তার কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর এই আগ্রাসন ও দখলদারিত্বের সবচেয়ে বড় মূল্য প্রতিনিয়ত চোকাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনি শিশু ও সাধারণ মানুষকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow